নজরুলের সাম্যবাদ ও মানবধর্মঃ ফিরে দেখা
শহিদুল ইসলামসারসংক্ষেপ
এক কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম মুজফ্ফর আহমদ 'কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা'য় আমাদের জানিয়েছেন যে 'নজরুল ইসলামের জীবন নিয়ে লেখা পুস্তকগুলির মধ্যে আমি ডক্টর সুশীলকুমার গুপ্ত লিখিত 'নজরুল-চরিতমানস কেই' শ্রেষ্ঠ স্থান দিয়ে থাকি।'১ তিনি তাঁর স্মৃতিকথায় বার বার সুশীলবাবুর 'নজরুল চরিতমানসের' শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। তাঁর মতে ডক্টর সুশীলকুমার গুপ্ত রচিত 'নজরুল চরিতমানস' উচ্চতম আসন পাওয়ার দাবী রাখে।২ তারপরও মুজফ্ফর আহমদ ডঃ সুশীলকুমার গুপ্তের কিছু মত খণ্ডন করার চেষ্টা করেছেন। তার মধ্যে প্রধান যে বিষয়টি নিয়ে মুজফ্ফর আহমদ ডঃ গুপ্তের সঙ্গে বিতর্কে লিপ্ত হন তা হলো কাজী নজরুল ইসলামের ওপর রুশ বিপ্লবের প্রভাব নিয়ে। আহমদ তাঁর বই এর 'রুশ বিপ্লব, লাল ফৌজ ও কাজী নজরুল ইসলাম' অনুচ্ছেদে প্রমাণ করার চেষ্টা করেছেন 'রুশ বিপ্লব ও লাল ফৌজের প্রতি নজরুলের একটা আকর্ষণ জন্মেছিল।'৩ ১৯২৭ সালের ৬ জুন তারিখে চুঁচুড়ার প্রাণতোষ চট্টোপাধ্যায়কে লেখা নজরুলের পল্টন জীবনের বন্ধু জমাদার রাজারামের পত্র পড়ে তিনি সন্দেহাতীত ভাবে বিশ্বাস করেন যে 'নজরুল ইসলাম আন্তর্জাতিকতার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন।'৪ বইএর অন্যত্র আহমদ বলছেন 'আসলে কথা হচ্ছে এই রুশ দেশের অক্টোবর বিপ্লব ও লালফৌজের লড়াই নজরুল ইসলামের মনে সাড়া জাগিয়েছিল।'৫ অন্যত্র বলছেন 'রুশ বিপ্লব দ্বারা নজরুল ইসলাম সত্যই প্রভাবিত হয়েছিলেন।'৬ মুজফফর আহমদের এমত সমর্থন করেন আর একজন নামীয় নজরুল গবেষক নারায়ন চৌধুরী।৭ অন্যদিকে ডঃ সুশীল গুপ্ত তাঁর বইতে জানান যে 'মুজফফর সাহেবের শুধু 'ব্যথার দান' গল্পটির প্রসঙ্গ নিয়ে নজরুলের উপর রুশ প্রভাবের কথা দৃঢ়কণ্ঠে ব্যক্ত করেছেন।'৮ কিন্তু সুশীল গুপ্ত এখানেই থেমে থাকেন নি। মুজাফফরের সঙ্গে মাত্রাতিরিক্ত পার্থক্য রচনা করতে চান। তিনি বলেন 'নজরুল সে সময় তাঁর লেখায় লালফৌজি কথাটি ব্যবহার করলেও এবং 'লালফৌজের' মহৎ আদর্শের কথা তুলে ধরলেও একথা বলা বোধ হয় ঠিক নয় সে তিনি সচেতনভাবে রুশবিপ্লবের আদর্শ গ্রহণ করেছিলেন বা তার প্রেরণায় উদ্বুদ্ধ হয়েছিলেন।'৯ সুশীল গুপ্তের 'বোধহয় ঠিক নয়' বাক্যাংশের ওপর আমি গুরুত্বারোপ করতে চাই। 'ব্যথার দান' গল্পটি ১৩২৬ বঙ্গাব্দের 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার' মাঘ সংখ্যায় প্রথম ছাপা হয়েছিল। অর্থাৎ ১৯১৯ সালের জানুয়ারী-ফেব্রুয়ারী মাসের কোন একদিনে জানান মুজফফর আহমদ।১০
